ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
৪৫ দিনের শিশু করোনায় আক্রান্ত, রামেকে ভর্তি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে  ৪৫ দিন বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শিশুটির নাম আফরিন রহমান। তার বাবা আরিফুর রহমান। তিনিও করোনা আক্রান্ত ।

বাবা করোনায় আক্রান্ত হওয়ায় করোনায় আক্রান্ত দেড় মাসের শিশুকে নিয়ে কখনো সরকার হাসপাতাল, আবার কখনো বেসরকারি ক্লিনিকে ঘুরছেন মা মাহবুবা।

শনিবার (২৬ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। ছোট্ট শিশু আফরিন এখন হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে (করোনা ওয়ার্ডে) চিকিৎসাধীন।

শিশুটির মা মাহবুবা বলেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম বাচ্চার ঠান্ডা-জ্বর হয়েছে। পরে যখন ওর শ্বাসকষ্ট বাড়তে থাকে, তার ছটফট করা দেখে সন্দেহ হয়। সেজন্য গত ২০ জুন রাজশাহী রেলগেট এলাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করায়। রিপোর্ট আসে আফরিন করোনা পজিটিভ।’

শিশুটির মা আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে বাচ্চার খুব সমস্যা হচ্ছে। রাতে ঘুমায় না, ঠিকভাবে শ্বাস নিতে পারে না, কান্নাকাটি করে। তাই বাধ্য হয়ে আমি তাকে খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা জানান—তাদের হাসপাতালে করোনার চিকিৎসা নেই। এরপর বেসরকারি রয়্যাল হাসপাতালে নিয়ে যায়। সেখানেও তাকে রামেক হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। পরে বাধ্য হয়ে শনিবার দুপুরে রামেকে ভর্তি করেছি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রামেকে শিশুদের জন্য আলাদা কোনো করোনা ওয়ার্ড নেই। তাই আপাতত বাচ্চাটিকে ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটি এখন ভালো আছে।

তিনি বলেন, ‘করোনায় আলাদা কোনো চিকিৎসা নেই। বড়দের থেকে ছোটদের ওষুধের ডোজটা সামান্য কম হবে। তাই ওই ওয়ার্ডে রেখেই শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *