ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
১ জুলাই থেকে জরুরি কারণ ছাড়া বের হলেই কঠোর শাস্তি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সারাদেশে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ সময় জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও তথ্য বিবরণীতে জানানো হয়।

সেই সঙ্গে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে যাওয়ার কথা জানান। তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া এ সময় কেউ বের হতে পারবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *