ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হেফাজত নেতা আল্লামা মুফতি নূর হোসাইন গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা আল্লামা মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাতে তাকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় তার প্রতিষ্ঠিত মাদ্রাসা সংলগ্ন বাসভবন থেকে গ্রেফতার করা হয়।

শুক্রবার পুলিশ তাকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত আগামী ২৭ এপ্রিল রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে প্রেরণ করেন।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, গত ২৮ মার্চ সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

ভাংচুর ও অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে গোয়েন্দা শাখার পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, ওই মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *