ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটে ৫ তলা থেকে পড়ে মৃত্যু রহস্য: এক নারীসহ আটক ৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিলেট নগরীতে ৫ তলা ভবন থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম (২৭) নামে এক তরুণের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। প্রথমে বলা হয়েছিল নাজিম আত্মহত্যা করেছে। কিন্তু এ মৃত্যুকে ঘিরে দেখা দিয়েছে রহস্য। তার মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়েছেন শাহনিয়া নামে বিবাহিত এক নারী।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহা জানান, নাজিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার দিনগত (৭ জুন) রাত সোয়া ১২টার দিকে ওই নারী ও তার দুই ভাইকে আটক করেছে পুলিশ। ওই নারীর সঙ্গে নাজিম এক ফ্ল্যাটে খালাতো ভাই-বোন পরিচয়ে থাকতেন। যদিও নাজিমের বাসা ভাড়া নিয়ে থাকার বিষয়টি জানতেন না তার পরিবার।

তিনি জানান, সোমবার রাতে ওই তিনজনের বিরুদ্ধে নাজিমের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৪। আটকৃতরা হচ্ছে, নিজামের সঙ্গে এক ফ্ল্যাটে থাকা নারী শাহনিয়া বেগম (৩০), তার ভাই আকবর (২৬) ও ইয়ামিন (২৪)। তাদের বাবার নাম আলাউদ্দিন আনোয়ার। তাদের বাড়ি সিলেটের বালাগঞ্জ থানার গহরপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার (৭ জুন) সকালে নগরীর কাজিটুলার উঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার নিচ থেকে পড়ে রাবিদ আহমদ নাজিম গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তার মৃত্যু হয়। নাজিম সিলেটের শাহপরাণ থানার পিরেরবাজার এলাকার আটগাও কেউয়া গ্রামের নুর মিয়ার ছেলে।

নাজিমের পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে নাজিমের বাবাকে কাজিটুলা থেকে কে বা কারা ফোন করে বলেন, নাজিম পাঁচতলা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে নাজিমের পরিবারের সদস্যরা ওসমানী হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান।

এর আগে রোববার রাতে কে বা কারা নাজিমকে ফোন করে কাজিটুলায় নিয়ে আসে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। তারা বলেন, রাতে আর নাজিম বাড়ি ফেরেনি, তার ফোনও বন্ধ ছিলো।

এদিকে, নাজিম উঁচাসড়কস্থ চৌধুরী ভিলা নামক ৫ তলা বাসার পঞ্চম তলার বি/৫ ফ্ল্যাটটি খালাতো ভাই-বোন পরিচয়ে শাহনিয়া বেগম ও তার ভাই আকবরের সঙ্গে বাসা ভাড়া নেন। সেখানে তিনি প্রায়ই রাত কাটাতেন। মৃত্যুর পর নাজিমের থাকার কক্ষ থেকে নানা রকমের মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। নাজিম যাদের সঙ্গে ভাড়া থাকতেন সেই ছেলে ও মেয়ে তার খালাতো ভাই-বোনও নন বলে পুলিশ নিশ্চিত করেছে। এতে নাজিমের মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। শাহনিয়া বেগম নামের ওই নারী মাদকদ্রব্য কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

নাজিমের চাচা আলাউদ্দিন বলেন, এই বাসায় আমার ভাতিজা ভাড়া থাকতো সেটি জানতাম না। নাজিম বিবাহিত, তার তিনটি সন্তানও রয়েছে। বিবাহিত জীবনে সে অসুখী ছিলো না। কী কারণে আমার ভাতিজাকে মৃত্যুবরণ করতে হলো তা খতিয়ে দেখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ ঘটনা খুন হলে খুনিদের শাস্তি দাবি করেন নাজিমের চাচা আলাউদ্দিন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আবু ফরহাদের বরাত দিয়ে এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের সিলেটভিউ-কে বলেন, নাজিমের মৃত্যুর ঘটনায় শাহনিয়া নামে ওই নারী ও তার দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদেরকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছে নাজিমের পরিবার। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজিমের মরদেহ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মঙ্গলবার (০৮ জুন) সকালে মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *