সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমারসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
একই সঙ্গে আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষী গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে বিচারক মোহাম্মদ ইসমাঈল তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
এ ছাড়া সাবেক ওসি প্রদীপ, এসআই নন্দ দুলাল রক্ষিত ও কনস্টেবল সাগর দেবের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ পুলিশের নয় সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত মামলার তদন্তভার দেয় র্যাবকে। পরদিন ৬ আগস্ট প্রদীপ কুমার দাশসহ সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন।
পরে শামলাপুর চেকপোস্টে দায়িত্ব পালনকারী আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) তিন সদস্য এবং সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের মামলার সাক্ষী স্থানীয় তিন বাসিন্দাকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের মধ্যে সাবেক ওসি প্রদীপ ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া অপর ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে ওসি প্রদীপসহ ১৫ জনের নামে অভিযোগপত্র দেন। এতে টেকনাফ থানার সাবেক দুই পুলিশ সদস্য কনস্টেবল সাগর দেব ও কনস্টেবল রুবেল শর্মাকে নতুন করে আসামি করা হয়। পরে কনস্টেবল রুবেল শর্মাকে র্যাব গ্রেপ্তার করলেও কনস্টেবল সাগর দেব পলাতক ছিলেন দীর্ঘদিন। বর্তমানে ১৫ আসামিই কারাগারে রয়েছেন।
Leave a Reply