ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ৭টি গাঁজা গাছসহ কৃষক আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনীতে ৭টি গাঁজা গাছসহ কুতুবউদ্দিন (৬০) নামের এক কৃষককে আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রায়পুর পূর্বপাড়ার খামার মাঠের পানের বরজ ‌থেকে এ গাঁজা গাছ উদ্ধার করে। অবৈধভাবে গাঁজা চাষ করায় জমির মালিক কুতুবউদ্দিনকে আটক করেছে পুলিশ।

পানের বরজের মালিক কুতুব উদ্দিন জানান, আমার ছেলে সবুজ বেশ কয়েক বছর ধরে আমার ১২ কাঠা জমির ৬ কাটাতে কলাগাছ ও ৬ কাটাতে পানের বরজের চাষ করে আসছে। আজকে পুলিশ আসার পরে আমি জানতে পারি, পানের বরজ এর মধ্যে গাঁজার গাছ চাষ করা হচ্ছে। তিনি পানের বরজের মধ্যে গাঁজা চাষ করা হচ্ছে এ বিষয়ে কিছুই জানেন না।

এছাড়াও তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ পালিয়ে গেছে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, তার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭টি গাঁজা গাছসহ কুতুবউদ্দিন নামের এক কৃষককে আটক করেছেন। কুতুবউদ্দিন রায়পুর পূর্ব পাড়ার মৃত দাউদ হোসেনের ছেলে। আটক কুতুবউদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। সেই সাথে পলাতক সবুজকে আটক করতে পুলিশ মাঠে রয়েছেন।

তিনি আরো জানান, ইতোপূর্বে উপজেলার পুরাতন মটমুড়া গ্রাম থেকে ১৫ কাঠা জমিতে ১৯৫টি এবং বালিরঘাট গ্রাম থেকে আরও দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে, গাংনী থানা পুলিশ। উক্ত দু’টি বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *