ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেট্রোরেলের চলাচল শুরু হতে পারে আগস্টে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঢাকায় মেট্রোরেল চলাচলের উড়ালপথের চার ভাগের তিন ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। জাপান থেকে দেশে এসেছে দুই সেট ট্রেন। সেপ্টেম্বরের মধ্যে আরও তিন সেট ট্রেন আসছে। বাকি ১৯ সেট ট্রেন পর্যায়ক্রমে আসবে।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, আগামী আগস্টে ঢাকাবাসী উড়ালপথে ট্রেনের চলাচল দেখতে পাবে। প্রথম দফায় ট্রেন চলবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত, এরপর তা চলবে আগারগাঁও পর্যন্ত। তবে এই চলাচল হবে পরীক্ষামূলক, যাত্রী চড়বে না। এভাবে বছরখানেক পরীক্ষামূলক চলবে মেট্রোরেল। ২০২২ সালের ডিসেম্বরের পর উত্তরা-আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা শুরু হতে পারে।

অবশ্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরোটা একসঙ্গে মেট্রোরেল চালুরও পরিকল্পনা আছে বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সেটা হলে মেট্রোরেল চালু হতে পারে ২০২৩ সালের জুনের পর। এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত।

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পথটি লাইন-৬ নামে পরিচিত। এই পথের দৈর্ঘ্য ২০ দশমিক ১০ কিলোমিটার। এর মধ্যে ১৬টি স্টেশন থাকছে। লাইন-৬-এর দুটি ভাগ: উত্তরা থেকে আগারগাঁও এবং আগারগাঁও থেকে মতিঝিল। এর মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর অগ্রাধিকার ঠিক করেছিল সরকার। কয়েক দফা সময়সীমা পরিবর্তন করে সর্বশেষ আগামী বছরের জুনে এই অংশে ট্রেন চালুর পরিকল্পনা ছিল।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র বলছে, হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় মেট্রোরেলের কাজে গতি কমে যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে গত বছর থেকে চলমান করোনা সংক্রমণ পরিস্থিতি। এসব কারণে বিদেশি বিশেষজ্ঞ ও কর্মীদের ঠিকমতো পাওয়া যায় না। বিদেশ থেকে প্রকল্পের মালামাল আনাতেও সমস্যা হচ্ছে। মে পর্যন্ত প্রকল্পের কাজে যুক্ত ৬৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

প্রায় ২২ হাজার কোটি ব্যয়ে সরকার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। মে পর্যন্ত পুরো প্রকল্পের কাজের অগ্রগতি প্রায় ৬৫ শতাংশ।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক জ্যেষ্ঠ সচিব এম এ এন সিদ্দিক  বলেন, পরীক্ষামূলক চলাচলের মাঝপথেই যাত্রীসহ মেট্রোরেলের বাণিজ্যিক চলাচলের সময়সীমা জানিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ভাড়া নির্ধারণে একটা কমিটি কাজ করছে। তিনি জানান, মেট্রোরেল এক বছর পরীক্ষামূলক চলাচলের আওতায় থাকবে। এরপর যাত্রী পরিবহন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *