ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইসমাইল সাবরী ইয়াকুব
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিয়োগের বিষয়ে আজ বৃহস্পতিবার বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে আলোচনায় বসবেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল যার সময়সীমা ছিল গতকাল বুধবার বিকেল ৪টা পর্যন্ত।

এরই পরিপ্রেক্ষিতে দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ১১৫ ভোট পেয়ে এগিয়ে আছেন ইসমাইল সাবরী ইয়াকুব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ১০৫ ভোট।

এদিকে দেশটির নতুন সরকার গঠন এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে আলোচনার জন্য আজ  বৃহস্পতিবার দলীয় প্রধানদের সঙ্গে আলাদাভাবে বিশেষ বৈঠক ডেকেছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। ইসমাইল সাবরী প্রধানমন্ত্রী হলে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন উপদেষ্টা বা পরামর্শদাতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিরোধীদের চাপের মুখে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর গত ১৬ আগস্ট মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদের সদস্যরাও পদত্যাগ করেছেন।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে বেশ চাপে ছিলেন তিনি। সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় যখন তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনে যোগ দেয়।

এছাড়া করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। তবে, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কি না, যাচাই করতে আগামী সেপ্টেম্বরে আস্থা ভোট হবার কথা ছিল। তবে চাপের মুখে ভোটের আগেই পদত্যাগ করলেন মুহিউদ্দিন ইয়াসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *