ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদক কারবারিদের শপথ পাঠ করালেন কোটালীপাড়ার ওসি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিক্রি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য মাদক কারবারিদের শপথবাক্য পাঠ করিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি ভাই ভাই মার্কেটে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে হিরণ ইউনিয়ন বিট পুলিশিংয়ের উদ্যোগে ও কোটালীপাড়া থানা পুলিশের আয়োজনে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা শেষে এ শপথবাক্য পাঠ করানো হয়।

হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ইউপি সদস্য মুসা বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া বক্তব্য রাখেন।

এর আগে মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিলে ৬ জন মাদক কারবারিকে চকলেট, মাস্ক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম ও হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া।

ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া বলেন, আমার ইউনিয়নে যারা মাদক কারবারের সঙ্গে জড়িত তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য হিরণ ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া থানা পুলিশ যৌথভাবে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে আমরা মাদক বিক্রি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মাদক কারবারিদের আহ্বান জানিয়েছিলাম। আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে ছয়জন মাদক কারবারি স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন। আমরা তাদের কর্মময় জীবনের জন্য সব ধরনের সহযোগিতা করব।

মাদক বিক্রি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা এক মাদক বিক্রেতা বলেন, মাদক বিক্রির সঙ্গে জড়িয়ে আমি ভুল করেছিলাম। আমার ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমরা আর  মাদক বিক্রি করব না। এখন থেকে কাজ করে উপার্জন করব।

কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, সম্প্রতি এই থানায় যোগদান করে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিয়ের ওপর জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এসব বেআইনি কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমি প্রতিটি ইউনিয়নে সভা করে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসা জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিটি ইউনিয়নে তাদের সাতদিন করে সময় দিচ্ছি। এরপর থানায় থাকা তালিকা ধরে অভিযান চালানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *