ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আগামীতে বয়সসীমা কমছে টিকা গ্রহণকারীদের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার নিবন্ধনে বয়স কমিয়ে ৩৫ বছর করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে টিকা গ্রহীতার বয়স সর্বনিম্ন ৪০ বছর ছিল। আজ সোমবার বেলা ১১টায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এখন থেকে ৩৫ বছর বয়স হলেই করোনার টিকার জন্য নিববন্ধন করা যাবে। দু’এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আমরা গতকাল রোববার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টার বেশি কথা বলেছি। তারা বলেছেন, “রোগীর অধিকাংশের বেশি গ্রামের। রোগীরা হাসপাতালে আসছেন রোগে আক্রান্ত হওয়ার বেশ পরে, যখন পরিস্থিতি অনেক খারাপ হয়ে পড়ছে”।’

খুরশীদ আলম আরও বলেন, ‘নিবন্ধনের ক্ষেত্রে কৃষক-শ্রমিকদেরও যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৪৫ হাজার শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে। আজ আইসিটি বিভাগকে চিঠি পাঠানো হবে।’

এসময় স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু’এক দিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে এবং সুরক্ষা অ্যাপে আগের সবগুলো ক্যাটাগরি যুক্ত করে দেওয়া হবে।’ টিকা প্রসঙ্গে খুরশীদ আলম বলেন, মর্ডানার টিকা শিগগিরই আমরা প্রয়োগ শুরু করে দেব। সেক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্তরা পাবেন মডার্নার টিকা। যারা আগে নিবন্ধন করেছেন, তারাই আগে টিকা পাবেন।

মডার্নার টিকা প্রয়োগ ১০ দিনের মধ্যে শুরু হতে পারে জানিয়ে অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘যিনি যে কেন্দ্রে নিবন্ধন করবেন তিনি নির্দিষ্ট কেন্দ্রেই টিকা পাবেন। কেউ মডার্নার টিকা নিতে চাইলে তাকে সিটি করপোরেশন এলাকায় নিবন্ধন করতে হবে।’ স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাওয়া ২৫ লাখ মডার্নার টিকা সংরক্ষণ জটিলতার কারণে সিটি করপোরেশনের বাইরে দেওয়া হবে না।

 

প্রসঙ্গত, দেশে টিকা নিবন্ধন শুরুর দিকে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশি সংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় ৫৫ থেকে বয়স ৪৪ বছর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *