ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তাণ্ডবে জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হেফাজতের পদত্যাগকারী নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী।
রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসাইন ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন ও জেলা গোয়েন্দা শাখার ওসি লোকমান হোসেন জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজতে ইসলামের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন মুফতি আব্দুর রহিম কাসেমী। মার্চের শেষ দিকে জেলার বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ৪ মে বিকালে পৌর এলাকার ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, কাসেমী তাণ্ডবে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ২০১৬ সালেও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের সঙ্গে কাসেমী প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
জানা যায়, ২৩ এপ্রিল দল থেকে পদত্যাগ করেন মুফতি আব্দুর রহিম কাসেমী। পদত্যাগের কারণ হিসেবে তিনি দলের বিভিন্ন প্রোগ্রামে তাকে না ডাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের কথা উল্লেখ করেন। তবে গ্রেফতার এড়াতেই মুফতি আব্দুর রহিম কাসেমী দল থেকে পদত্যাগ করেছেন বলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
Leave a Reply