নরসিংদীর বেলাবোতে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) রাত ৮টায় উপজেলার দড়িকান্দি-বড়চর সড়কে এ ঘটনা ঘটে। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের আতর মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩০) এবং একই গ্রামের শহিদ উল্লাহর ছেলে নাদিম মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার সীমান্তবর্তী বড়চরগামী সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাই সংঘটিত হয়।মঙ্গলবার রাত ৮টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৩-৪ জন ব্যক্তি ওই সড়কে ঢোকেন। এ সময় তাদের গাড়িতে দেশি অস্ত্রশস্ত্র দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়দের চিৎকারে দড়িকান্দি ও বড়চর এলাকার লোকজন জড়ো হয়ে দুই দিক থেকে সন্দেহভাজন ডাকাতদের অবরুদ্ধ করার চেষ্টা করে।
ডাকাতরা নম্বরবিহীন সিএনজিচালিত একটি অটোরিকশা ফেলে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর চালালে সিলিন্ডার থেকে আগুন লেগে সেটি পুড়ে যায়। নিহত দুই জনের মধ্যে জুয়েলের বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply