ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউন প্রত্যাহারের পর ঢাকায় ফেরার অনুরোধ তাপসের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের সরকারি বিধিনিষেধ প্রত্যাহারের আগে রাজধানীতে না ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।

তাপস বলেন, ‘নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মার কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি’।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আমরা করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

এ সময় মেয়রের সঙ্গে আরো উপস্থিত ছিলেন- রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান, মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *