পটুয়াখালীর বাউফলে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ হুমায়ুন কবির(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা রেজাউল করিম বিশ্বাসের ছেলে হুমায়ুন কবির কালাইয়া-ঢাকা রুটের ডায়মন্ড-৩ লঞ্চের কেরানি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে হুমায়ুন কবির মোটরসাইকেল চালিয়ে পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে নিজ গ্রাম বাউফলের পূর্ব নওমালার দিকে যাচ্ছিলেন। এ সময়ে রাত সাড়ে আটটার দিকে নওমালা ইউনিয়নের ভাঙ্গা সেতু এলাকায় রত্তন মৃধার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হুমায়ুন গুরুতর আহত হয়।
পরে তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে মারা যান তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার।
Leave a Reply