ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বন্ধুর বোনকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর ধর্ষণের অভিযোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধুর বোনকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় ময়নুল ইসলাম সোহাগ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার (৩০ মে) রাতে ভুক্তভোগী কিশোরীর মা মামলা দায়ের করলে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচবিবি পৌর শহরের এক ছেলের সঙ্গে জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের ময়েজ উদ্দীন মুন্সির ছেলে ময়নুল ইসলাম সোহাগের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বের সুবাদে বন্ধুর বাড়িতে প্রতিনিয়ত যাতায়াত করতো সোহাগ। এক পর্যায়ে বন্ধুর স্কুল পড়ুয়া ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে বিভিন্ন প্রকার কু-প্রস্তাব দিতো।

এরই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর ভুক্তভোগীর বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত জায়গাতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সোহাগ। এদিকে, মেয়েকে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান না পেয়ে রোববার (৩০ মে) থানায় এসে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগীর মা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় রোববার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করলে ওই রাতেই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *