বরগুনার আমতলীতে যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে কুপিয়ে জখম করার ঘটনায় নির্দোষ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা ও প্রতিহিংসাপরায়ণ মামলা দিয়ে নির্দোষ নেতা-কর্মীদের হয়রানি করার অভিযোগ উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের বিরুদ্ধে।
আজ রবিবার সকাল ১১টায় আমতলী উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। হামলায় আহত ওই যুবলীগ নেতা আবুল কালাম আজাদ আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে। গত ২১ মে আবুল কালাম আজাদসহ দুজনকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ দেওয়ান লিখিত বক্তব্যে বলেন, মেয়র মতিয়ার রহমানের ভাগ্নে আজাদ মুমূর্ষ অবস্থায় একটি ভিডিও বক্তব্যে হামলাকারীদের নাম উল্লেখ করেছেন। কিন্তু মামলায় তাদেরকে আসামি করা হয়নি। আসামি করা হয়েছে নির্দোষ এবং নিরপরাধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের নামে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ফকির, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য গাজী মোঃ শামসুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী প্রমূখ।
Leave a Reply