শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে সাতজনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন।
খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন, তার মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।
অপরদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজন রোগী ভর্তি হয়েছেন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬ রোগী।
Leave a Reply