ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে হাতুড়ি পেটায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৩, আটক ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে আহত করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চেয়ারম্যানের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করে।

জানা গেছে, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সম্প্রতি গ্রামের একটি হেরিং রাস্তার কাজ শুরু করে। ওই রাস্তার ছবি উঠিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন তার ফেসবুক আইডিতে অশালীন মন্তব্য করে। সেটি দেখার পর মেইন বাসস্ট্যান্ডে চেয়ারম্যানের ছেলে হৃদয় আহম্মেদের সাথে লিমনের তর্কবিতর্ক হয়। এ সময় লিমন তার সহযোগী জাহাঙ্গীর আলম ও তার দলবল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা চেয়ারম্যান আব্দুল মতিনকে তারা হাতুড়ি পেটা করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর নামে লিমনের সহযোগীকে পিটিয়ে আহত করে। পরে হৃদয়কেও পিটিয়ে আহত করে লিমন হোসেন। এ ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জাহাঙ্গীর আলমকে পুলিশ আটক করে থানা নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *