কিশোরগঞ্জে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার বিকালে এ ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে বলে পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান জানিয়েছেন।গ্রেপ্তার আবু হানিফা পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
অপর আসামি জালাল উদ্দিন বাচ্চু পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।ওসি সারোয়ার জাহান জানান, শনিবার দুপুরে ধর্ষণের শিকার ৪৮ বছর বয়সী চার সন্তানের মা ওই গৃহবধূ বাদী হয়ে এ দুজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে রাতে বাড়িকে একা থাকার সুযোগ নিয়ে আসামিরা ওই গৃহবধূকে ধর্ষণ করেন।
ওই গৃহবধূ জানান, প্রায়ই গভীর রাতে তার ঘরের পেছনে নির্জন স্থানে জালাল উদ্দীন বাচ্চু এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এক ব্যক্তিসহ নারী এনে ফূর্তি করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় এবং লোকজনের কাছে ‘এ ঘটনা ফাঁস করায় ক্ষিপ্ত হয়ে তাকে দুজনে মিলে ধর্ষণ করে’।
ভুক্তভোগী গৃহবধূসহ তার ছেলে-মেয়েরা জানান, এ ঘটনা প্রকাশ করলে তাদেরকে প্রাণে মেরে ফেলাসহ ভয়-ভীতি দেখানো হচ্ছিল।তবে বিষয়টি জানাজানি হয়ে পড়লে ওই গৃহবধূ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসাদুজ্জামান টিটু জানান, মামলার অপর আসামি জালাল উদ্দিন বাচ্চুকে আটক করতে অভিযান অব্যাহত আছে এবং ঘটনাটির তদন্ত চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাচ্চু বলেন, “আমি যেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি না হতে পারি সেজন্য আমার সুনাম নষ্ট করতে একটি কুচক্রি মহল এই মেয়েকে দিয়ে এমন কথা ছড়াচ্ছে।”
Leave a Reply