ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ইভ্যালির সিইও রাসেলের বাসায় র‍্যাবের অভিযান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তার বাসায় এ অভিযান শুরু হয়।

এর আগে অর্থ আত্মসাতের অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন এক গ্রাহক। বুধবার রাতে গুলশান থানায় এই মামলার আবেদন করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। পরে আজ সকালে এই মামলা রজু হয়।

আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ভোক্তা ঠকানোর বেশ কিছু অভিযোগ উঠেছে। সবশেষ মঙ্গলবার এই অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সুপারিশ করেছে সরকারের ই-কমার্স বিশেষজ্ঞ কমিটি।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয় গ্রাহকদের কাছে ইভ্যালির দেনার পরিমাণ ৪০৩ কোটি টাকা। আর প্রতিষ্ঠানটির চলতি সম্পদের পরিমাণ মাত্র ৬৫ কোটি টাকা।

আরো ৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। বুধবার বিকেলে বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা সেলের মহাপরিচালক ও ডিজিটাল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *