দেশের বিভিন্ন এলাকা থেকে গত কয়েক সপ্তাহে হেফাজত ইসলামের বেশ কিছু নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের জিজ্ঞাসবাদের জন্য আদালতে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের নেওয়া রিমান্ড নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আবদুর রহিম ওরফে শেরপুরী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুজব রটানোর দায়ে গত ১০ মে রাতে বগুড়া থেকে আবদুর রহিম ওরফে শেরপুরী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই ব্যক্তি বেশ কিছু দিন ধরে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে।
তিনি আরও জানান, হেফাজত নেতাদের রিমান্ডে নির্যাতন করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা ও উসকানিমূলক গুজব ছড়ানো হচ্ছে। হোলি টিউব ২৪ নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের গুজব প্রচার করে আসছিলেন আবদুর রহিম। তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। এ ছাড়া তার ইউটিউব চ্যানেলটিতে মিথ্যা, উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করা হচ্ছিল।
গ্রেপ্তার আবদুর রহিমকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায় যে, তিনি হেফাজতের জ্বালাও পোড়াওকে সমর্থন জানিয়ে ও সহিংসতাকারী হেফাজত নেতারদের মুক্তির জন্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ইতিমধ্যে আটক রানা মন্ডলের প্রত্যক্ষ সহযোগিতায় ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদী ও অসত্য ভিডিও বানিয়েছে।
গ্রেপ্তারের পর আবদুর রহিমকে ঢাকার মিন্টো রোডের সিটিটিসির কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংস্থাটির সূত্র জানায়। এ ছাড়া শেরপুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ।
Leave a Reply