ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ধুনটে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, দাদন ব্যবসায়ী গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বগুড়ার ধুনট উপজেলায় হত্যার হুমকি দিয়ে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় গোলাম রব্বানী (৪০) নামে এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোলাম রব্বানী উপজেলার রাঙ্গামাটি-দিদারপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।

আজ রবিবার ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে গোলাম রব্বনীকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতেন গোলাম রব্বানী। একপর্যায়ে ওই ছাত্রী তাকে কড়া কথা বলে দেয়। এ অবস্থায় ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ওই ছাত্রী বাড়ির পাশে চাচার ঘরে টিভি দেখতে যায়। সেখান থেকে টিভি দেখে রাত ১০টার দিকে বাড়িতে ফেরার সময় রব্বানী ওই ছাত্রীকে কৌশলে তার বাড়িতে ডেকে নেন। এরপর ঘরের ভেতর নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন রব্বানী। এসময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই রব্বানী পালিয়ে যান।

এই ঘটনার পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রব্বানীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে শনিবার দুপুরের দিকে রবব্বানী বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড করে। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রব্বানীকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, মাদরাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। এ কারণে অভিযোগটি নিয়মিত মামলা হিসাবে গ্রহন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাম রব্বানী ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার কথা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *