ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খুলনায় করোনা ইউনিটে আরও ১৯ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

 

খুলনার চারটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। অপর চার জন মারা গেছেন উপসর্গ নিয়ে।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আট জনের করোনা শনাক্ত হয়েছে। অপর চার জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালের রেড জোনে ১৩০ জনসহ মোট ১৯৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ দুজনের মৃত্যু হয়েছে। একজন খুলনার আরেকজন বাগেরহাটের।

খুলনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মুখপাত্র ডা. কাজী রাশেদুল জানিয়েছেন, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আলমগীর মল্লিক (৬৫) নামের খুলনার এক বাসিন্দার মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ৪৫ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।

এদিকে, খুলনা মেডিকেল কলেজের (খুমেক) ভাইস প্রিন্সিপাল ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় পিসিআর মেশিনে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে খুলনার ৩৪৩টি নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *