ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে মেয়রের বাড়িতে অভিযান, অস্ত্রসহ কোটি টাকা উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।প্রতিপক্ষ প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে  অভিযান চালানো হয়। এ সময় মেয়রকে না পাওয়া গেলেও তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয়। তার বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।

তিনি আরও বলেন, ‘অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেয়ায় মেয়র মুক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার রাত ৯টায় মনোয়ারের বাড়িতে মেয়র মুক্তার আলীর লোকেরা হামলা চালায়। এ সময় তাকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় মনোয়ার থানায় অভিযোগ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।’

জেলা পুলিশের মুখপাত্র বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি বিদেশি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা-গাঁজা-হেরোইনসহ বেশকিছু মাদক পাওয়া যায়। মেয়রকে পাওয়া না গেলেও বাড়িতে থাকা তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

তিনি বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। এ বিষয়ে গণমাধ্যমকে এসপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *