একই দিনে যেমন পৃথিবীতে এসেছিল, সব সময় থাকতও একই সঙ্গে। বাইরে বের হলে একই পোশাক পরত। কাফনের কাপড় পরে পৃথিবীও ছেড়ে গেল একই সঙ্গে। লেখাগুলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ শহরের যমজ দুই বোনকে নিয়ে। শোকে পাথরের মতো অবস্থা যমজ দুই বোনের বাবার।
পরিবার সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণির ছাত্রী ছিল সাদিয়া ইসলাম (১৭) ও সামিয়া ইসলাম (১৭)। সোমবার সন্ধ্যায় শহরের শাহজাহান রেস্তোরাঁ থেকে মোগলাই পরোটা কিনে বাড়িতে নিয়ে আসে তারা। ওই পরোটা খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে সাদিয়া ইসলাম ও সামিয়া ইসলাম, তাদের মা সাবিনা ইসলাম (৪২) এবং চাচাতো ভাই সিফাত আলী (২০)। মঙ্গলবার সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয় সামিয়া ইসলামকে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুপুরে সাদিয়া ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতাল পৌঁছানোর আগেই বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়। সিফাত আলী চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। আর সাবিনা ইসলামকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাদিকুল ইসলাম বলেন, ওই পরোটা তিনিও খেয়েছিলেন। কিন্তু তাঁর কোনো সমস্যা হয়নি। বিকেলে বাড়িতে এসে জবানবন্দি নেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে রেস্তোরাঁর বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক নাদিম সরকার বলেন, যেহেতু পরিবারে চারজনই পরোটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে, সেহেতু খাবারে বিষক্রিয়া থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
Leave a Reply