ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মিঠাপুকুরে ট্রাক্টরের আঘাতে অন্তঃসত্ত্বা নারী সহ  নিহত ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরের মিঠাপুকুর ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক অন্তঃসত্ত্বা নারীসহ দুইজন নিহত হয়েছে।

আজ(২৭ জুন)রবিবার দুপুরে মিঠাপুকুর উপজেলার মোসলেম বাজার এলাকার পল্লী বিদ্যুৎ উপ-কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। নিহতরা হলেন- চালক ওবায়দুল ইসলাম (৩৫) ও হাসিনা পারভিন (৩০)। নিহত নারী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর নগরীর মর্ডান এলাকার অটোরিকশাচালক ওবায়দুল ইসলাম নগরীর বাবু খাঁ এলাকার যাত্রী হাসিনা পারভিনকে নিয়ে মিঠাপুকুরের গড়েরমাথা হয়ে রংপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ট্রাক্টরটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম জানান, সড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিলো অটোরিকশাটি। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা বালুবহনকারী ট্রাক্টরটি তাদের ধাক্কা দেয়। এতে অটোচালক ছিটকে গিয়ে ট্রাক্টরের চাকার ভেতর ঢুকে যান। ঘটনাস্থলেই মারা যান তারা। পরে সড়কের পাশে গাড়ি রেখে পালিয়ে যায় ট্রাক্টরচালক।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, নিহতদের পরিচয় পাওয়া গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *