ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সংসদ সদস্যের নির্মাণাধীন ভবন থেকে কি‌শো‌রের লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজধানীর বংশালে ৩৪ আগামসি লেনের একটি নির্মাণাধীন ভবন থেকে ইমন (১৩) নামের এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকালে নিহত ইমন পুরান ঢাকার আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড ক‌লে‌জের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জন্যয ঢাকা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে।

বংশাল থানার ওসি আবুল খা‌য়ের সংবাদ মাধ্যমকে ব‌লেন,গতকাল (শনিবার) রা‌তে তার প‌রিবার নি‌খোঁজের বিষ‌য়ে জি‌ডি করে। এরপর আজ (রোববার) খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠা‌নো হয়। লাশের হাত-পা ও গলায় রশি বাঁধা ছিল। এটি একটি হত্যাকাণ্ড। আমরা বিষয়টি দেখছি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

নিহত ইমনের মামাতো ভাই মো. শাহীন জানান, আগামসি লেনে পরিবারের সঙ্গে থাকত ইমন। তার বাবা বাবুল হোসেন বঙ্গবাজারে একটি দোকানে কাজ করেন। এক ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিল ইমন। গত শনিবার সন্ধ্যায় ইমন বঙ্গবাজারে তার বাবার দোকানে খাবার দিতে যায়। সেখান থেকে ফেরার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শাহীন আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি অচেনা নম্বর থেকে তার বাবা বাবুলের মোবাইলে কল ক‌রে জানা‌নো হয় ইমন একজনের মাথা ফাটিয়ে ফেলেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের কাছে টাকা পাঠাতে হবে। তখন ইমন কোথায় আছে জানতে চাইলে তারা জানায়, ইমন বাসায় চলে গেছে। এরপর ইমনের বাবা বাসায় ফোন করে খবর নিয়ে জানতে পারেন ইমন বাসায় যায়নি। পরে আবার ওই নাম্বারে কল করলে তারা জানায়, ইমন ও আহত ব্যক্তিকে নিয়ে তারা হাসপাতাল আছে। তখনও দ্রুত টাকা পাঠাতে বলে তারা। এরপর থেকেই তাদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

এরপর শ‌নিবার রাতেই বংশাল থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। তখন পুলিশও খোঁজাখুঁজি শুরু করে। রোববার দুপুরের দিকে আগামসি লেন আলাউদ্দিন সুইটমিট গলির একটি ৯ তলা নির্মাণাধীন ভবনের ৫ম তলায় ইমনের লাশ পাওয়া যায়। এ সময় হাত, পা ও গলায় রশি পেচানো ছিল। এ ছাড়া তার মুখসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ইমনের এই মামাতো ভাই।

জানা গেছে, ৩৪নং আগামসি লেনের ওই নির্মাণাধীন ভবনটি গাইবান্ধা-৪ আসনের (গোবিন্দগঞ্জ) সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেনের মা‌লিকানাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *