ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কাঠের তৈরি অফিস ঘর ও আসবাবপত্র পুড়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১৭ জুন) গভীর রাতে উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী বাজারে আওয়ামী লীগ অফিসে আগুন লাগলে মূহুর্তের মধ্যে টিনসেট কাঠ দিয়ে নির্মিত পুরো ঘরে তা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক প্রতিপক্ষের কিছু দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। খবর পেয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।
এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে অগ্নিসংযোগ দেয়া চাড়াখালী বাজারের আওয়ামী লীগের অফিস পরিদর্শন করেছেন। অগ্নিসংযোগের সত্যতা পাওয়া গেছে। দুষ্কৃতিকারীদের শনাক্তে পুলিশ তৎপর রয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের এখনও করা হয়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
Leave a Reply