ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ফেনীতে একসঙ্গে ৪ যমজ কন্যা সন্তানের মা হলেন ফুলগাজীর গৃহবধূ সালমা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীতে একসঙ্গে চার যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ। সোমবার (১৪ জুন) বিকাল ৪টার দিকে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মোঃ আলম পাটোয়ারীর স্ত্রী।

গৃহবধূর দেবর মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডাক্তার তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যা সন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, এক সঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবেনা।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছেন। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *