ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে প্রকাশ্য দিবালোকে জোড়া খুনের ঘটনা ঘটেছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনির (৩০) ও সাইদুর (৩২) নামে দুজন খুন হয়।

মনির যতারপুর বিশ্বাস পাড়ার আবুল হোসেনের ছেলে। অপরদিকে সাইদুর একই পাড়ার রাশেদুল হকের (কেরু) ছেলে।

স্থানীয়রা জানান, মনির প্রকাশ্য দিবালোকে গাঁজা সেবন করছিল। এসময় সাইদুর তাকে নিষেধ করে এবং বাকবিতণ্ডা হয়। নিষেধ না মানলে সাইদুর চলে যায়। ঠিক তখন মনির পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে সাইদুরকে কোপ মারে। এ কোপে সাইদুর ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয় উত্তেজিত জনতা মনিরকে ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে হত্যা করে।

এ ঘটনায় মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মরাদ আলি জানান, মনির চিহ্নিত একজন মাদক সেবী। কিছুদিন আগেও সে পুলিশের হাতে আটক হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *