প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবসগুলোর মধ্যেই একটি হল বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস।
আজ ১২ জুন সমগ্র বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’। এই দিনটি আন্তর্জাতিক শ্রম সংস্থা দ্বারা স্বীকৃত ছুটির দিন। ২০২১ সালের শিশুশ্রম বিরোধী দিবসের প্রতিপাদ্য থিম হলো, “এখনই করো: শিশুশ্রমের সমাপ্তি”৷
আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে যদি কোনও কাজের ফলে কোনও শিশুকে তার শৈশবের স্বাভাবিক চাহিদাগুলি থেকে বঞ্চিত হতে হয়, স্কুলের শিক্ষালাভ থেকে সে যদি বঞ্চিত হয় এবং মানসিক, শারীরিক ও নৈতিকভাবে তার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে তা হলে সেই কাজটিকে ‘শিশুশ্রম’ বলা হবে। আরও বলা হয় ৫ থেকে ১১ বছরের কোন শিশু দৈনিক এক ঘণ্টা কাজ করলে এবং ১২ থেকে ১৪ বছরের কোন কিশোর সপ্তাহে ১৪ ঘন্টা কাজ করলে তাকে শিশুশ্রমিক হিসেবে ধরা হবে। এই বিষয়টিকে মাথায় রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা শিশুশ্রমিকদের দুর্দশার বিষয়টি তুলে ধরতে ২০০২ সালের ১২ জুন প্রথম বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস ঘোষণা করে।
দারিদ্রতা হল শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ। দারিদ্রতার কারণে ছেলেমেয়েরা স্কুল ছাড়তে বাধ্য হয় ও তাদের মা বাবাদের সাহায্য করার জন্য ছোটোখাটো কোনো কাজকে বেছে নেয়। কোনো কোনো ক্ষেত্রে আবার শিশুদের বাধ্য করানো হয় কম বয়সে কাজ করার জন্য। মেয়েদের ক্ষেত্রে অল্পবয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পরে লোকের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশে শিশুশ্রম বন্ধ করতে বিভিন্ন আইন আনা হয়েছে। কিন্তু এখনও বাংলাদেশ, ভারত সহ আরও বিভিন্ন দেশে এখনও শিশুদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হয়। এর জন্য প্রয়োজন সচেতনতা। মানুষের মধ্যে সেই সচেতনতা বৃদ্ধি করতেই বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসটি আয়োজন করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।
.
Leave a Reply