ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
এসআই স্ত্রীর মামলা এসআই স্বামী ও আরেক নারী এসআইয়ের বিরুদ্ধে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহীতে স্বামীসহ পুলিশের দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন আরেক নারী এসআই।

বুধবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া অশ্নীল ছবি ছড়িয়ে তাকে হেয় করার অভিযোগ এনেছেন তিনি।

মামলার বাদী ওই নারী এসআই (৩৫) রাজশাহী মহানগর সিআইডিতে কর্মরত। অন্যদিকে, মামলার অভিযুক্তরা হলেন- তার স্বামী ওবাইদুল কবির সুমন (৩৫) ও আরেক নারী এসআই (৩০)।

ওবাইদুল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটে কর্মরত এবং অভিযুক্ত নারী এসআই ঢাকার পার্শ্ববর্তী একটি থানায় কর্মরত।

মামলার এজাহারে ওই নারী এসআই উল্লেখ করেন, ২০১৬ সালে ওবাইদুলের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু ওই নারী এসআইর সঙ্গে তার স্বামীর অনৈতিক সম্পর্ক ছিল। তাই ওবাইদুল তার স্ত্রীকে (মামলার বাদী) চাকরি ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন। বাধ্য হয়ে তিনি ঢাকা থেকে বদলি হয়ে রাজশাহী চলে আসেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, ওই নারী এসআইকে হেয় প্রতিপন্ন করতে তার নামে ভুয়া অশ্নীল ছবি ও ভিডিও বিভিন্ন জনকে পাঠিয়েছেন ওবাইদুল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমোর মাধ্যমে তিনি এসব পাঠিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান মামলার আবেদন গ্রহণ করে আগামী ৭ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলামকে নির্দেশ দিয়েছেন।

রাজপাড়া থানার ওসি বলেন, আদালত থেকে এখনও কোনো নথিপত্র পাননি। নথিপত্র পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *