ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রিমান্ড শেষে রফিকুল ও মামুনুলকে কারাগারে পাঠানোর আদেশ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজধানীর পল্টন থানার পৃথক দুই মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি শুনানি শেষে এ আদেশ দেন।

সকালে তাদের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া গত ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম ও চুরি মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তার আগে ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র‍্যাব। পরদিন ৮ এপ্রিল র‍্যাব বাদী হয়ে গাজীপুর মহানগরীর গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *