ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার বিদেশ নেওয়ার বিষয়ে আজই সিদ্ধান্ত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আজকের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৮ মে) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আনিসুল হক বলেন, আজকেই মতামত জানিয়ে রবিবার সকালে ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আদালতের নির্দেশনার প্রয়োজন আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব আইনমন্ত্রী বলেন, ‘এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই। আইনে তা বলে না। এর মানে সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত মতামত হবে’।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত ৮টায় আবেদন করে তার পরিবার। তবে এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। এদিকে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন না থাকার বিষয়টিও জটিলতার সৃষ্টি করেছে।

পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করা হয়েছে। আজ-কালের মধ্যেই নতুন পাসপোর্ট হাতে পেয়ে যাবেন খালেদা জিয়া। এরপর দু-এক দিনের মধ্যে ভিসা প্রক্রিয়া শুরু হবে। পরিবারের পক্ষ থেকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনে যোগাযোগ করা হয়েছে। সেখানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরব, সিঙ্গাপুর, ব্যাংকক এবং দুবাই দূতাবাসে যোগাযোগ করা হয়েছে। এখন সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দেশের ‘অনুমতি’ দেওয়া হয় কি-না সেদিকে তাকিয়ে আছে দল ও পরিবার।

তবে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে পরিবারের আবেদনকে ইতিবাচকভাবে নিয়েছে সরকার। আগামীকালের (৯ মে) মধ্যেই সরকারের পক্ষ থেকে ‘আনুষ্ঠানিক’ অনুমতি পাওয়া যাবে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য সশরীরে উপস্থিত থেকে ফিঙ্গারপ্রিন্ট ও আবেদনপত্রে স্বাক্ষর দেওয়ার নিয়ম থাকলেও খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে।

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কোন দেশে পাঠানো হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বিএনপির তরফে। তবে যুক্তরাজ্যকে অগ্রাধিকার দিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খালেদা জিয়া ভিসার আবেদন করলে যুক্তরাজ্য সরকার সেটি বিবেচনা করে দেখবে বলে এক বার্তায় জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের মুখপাত্র মেহের নিগার জেরিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *