ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
করোনা: একদিনে রেকর্ড ৫ হাজার ১৮১ সংক্রমণ ৪৫ মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৮৭তম দিনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে। এই সময়ে নতুন ৫ হাজার ১৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৯ জনে। 

গত বছরের ২ জুলাই দেশে আক্রান্ত শনাক্তের সংখ্যা রেকর্ড ৪ হাজার ১৯ জনের সর্বোচ্চ অঙ্কে পৌঁছে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৭ জন।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৫ লাখ ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ ১৬ হাজার ৪৭৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৯৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৭ জনসহ মোট ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৪৫ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের ৪৪ জনের হাসপাতালে ও ১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৯৪৯। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৭৪৬ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৩৮ শতাংশ এবং ২ হাজার ২০৩ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৬২ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৫ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৭৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৩০ লাখের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *